বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনায় মাহবুবা রহমান শিখা

ঝিনাইদহে বিএনপির রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের সহধর্মিনী মাহবুবা রহমান শিখা। সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনি মনোনয়ন পেতে পারেন—এমন গুঞ্জন এখন জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং ও উপগ্রুপিং বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত সংসদ নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রথমবারের মতো জয়লাভ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ফলে দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে।
দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন মাহবুবা রহমান শিখা—এমন মন্তব্য তৃণমূলের অনেক নেতাকর্মীর। আন্দোলন-সংগ্রামের সময় তিনি মাঠে সক্রিয় ছিলেন বলেও জানা গেছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তিনি ও তার পরিবারের সব সদস্যরা একাধিক মামলার আসামি হন।
মাহবুবা রহমান শিখা বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমার স্বামী মরহুম মশিউর রহমানের হাত ধরেই আমার রাজনীতিতে পথচলা শুরু। দলের চরম দুর্দিনে, যখন তিনি কারাবন্দি বা আত্মগোপনে ছিলেন, তখন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। এই জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, আমার স্বামীর মৃত্যুর পর ঝিনাইদহ জেলা বিএনপি অভিভাবকহীন হয়ে পড়ে। গ্রুপিং-উপগ্রুপিংয়ের কারণে দল দুর্বল হয়ে যায় এবং একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় এখন অন্য দল শক্ত অবস্থানে রয়েছে। আমি চাই, ঝিনাইদহকে আবারও বিএনপির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে এবং আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল যদি আমাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব জেলার উন্নয়নে কাজ করার। ঝিনাইদহের রেললাইন, গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নে উদ্যোগ নেব।
তিনি আশাবাদী তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে দলীয় হাইকমান্ড তাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেবেন।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঝিনাইদহে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে মাহবুবা রহমান শিখার মনোনয়ন দলীয় রাজনীতিতে নতুন গতি আনতে পারে কিনা—তা সময়ই বলে দেবে।
এএমকে