তিন দিন পর মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী পলাতক

কক্সবাজারের রামুতে একটি বসতঘর থেকে বস্তাবন্দি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূর্ব মেরুংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২২) উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুলের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল, কমপক্ষে তিন দিন আগে ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে। স্বামী-স্ত্রী এখানে ভাড়া থাকতেন, স্ত্রী পলাতক। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
বাড়ির মালিক আলাউদ্দিন বলেন, স্ত্রী আঁখি আক্তারকে নিয়ে কিছুদিন আগে বাদল বাড়ি ভাড়া নেন। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং গত তিন দিন ধরে তাদের ঘর তালাবদ্ধ ছিল।
রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, তারা দুজনে পরিবারের অমতে বিয়ে করেছে বলে শুনেছি। সেই নারীর (বাদলের স্ত্রী) আগের সংসার ছিল। আশা করছি, সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে