ময়মনসিংহে রেললাইন বেঁকে যাওয়ায় আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহে অতিরিক্ত তাপমাত্রা ও চাপে রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বুধবার (৪ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন থাকায় অধিক তাপ ও চাপে এমনটি হয়ে থাকে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে এবং ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকা ছিলো। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে লাইন ক্লিয়ার করলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরএআর