সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের মারামারি, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে জাল ফেলাকে কেন্দ্র করে ট্রলারের জেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে লাফ দিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এছাড়াও চার জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৪ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার দক্ষিণ জ্ঞানপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. হিরু (৪৫) এবং দক্ষিণ চরদুয়ানী এলাকার বেলায়েত গাজীর ছেলে মো. জসিম গাজী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার এফবি মায়ের দোয়া নামে সাইন জালের একটি ট্রলার নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশে জাল ফেলেন। এ সময় আরেকটি কাঠের তৈরি ট্রলিং ট্রলার তাদের ওই জালের উপরে উঠে যায়। এতে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আরও দুটি মাছ ধরার ট্রলিং ট্রলার এসে তিনটি ট্রলিং ট্রলারের জেলেরা মিলে মায়ের দোয়া ট্রলারে হামলা চালিয়ে জেলেদের মারধর করেন। এ সময় ওই ট্রলারে থাকা ৪ জেলে আহতসহ দুই জেলে সাগরে লাফ দিয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে আহত জেলেদের পাথরঘাটা ঘাটে নিয়ে এলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে সাইন জাল দিয়ে মাছ ধারার একটি ট্রলারের ফেলা জালে আরেকটি ট্রলিং ট্রলারের জাল পেঁচিয়ে যাওয়াকে কেন্দ্র করে জেলেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরও দুইটি ট্রলিং ট্রলারের জেলেরা এসে একত্র হয়ে সাইন জালের ট্রলারটিতে হামলা চালায়। পরে আহত চার জেলেকে পাথারঘাটায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, সাগরে জেলেদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে জেনেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস্থাল পাথারঘাটা এলাকার বাইরে এবং গভীর সমুদ্রে হলেও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আব্দুল আলীম/এসএইচএ