কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন

রংপুরে বেড়াতে এসে মারা গেছেন গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ, কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী । তিনি গীতিকার, সুরকার ও দৈনিক ডেসটিনি এবং দেশজগত পত্রিকার সম্পাদকও।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুরের তারাগঞ্জে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মাহমুদুল হাসান নিজামী রংপুরের তারাগঞ্জে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হতে তিনি রংপুরের দিকে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় দুজন হাসপাতালে নিয়ে আসেন। তবে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সেখানকার দায়িত্বরতরা।
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুরের সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবারের সভাপতি নাসরিন নাজ বলেন, কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী মাহমুদুল হাসান নিজামী সকালে যখন মারা যান, তখন তার পাশে পরিচিত কেউ ছিল না। রংপুরের কবি, সাহিত্যিক ও সাংবাদিকেরা তার মৃত্যুর খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করা হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুক্রবার আর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, নিজামী রংপুরের তারাগঞ্জে প্রায়ই বেড়াতে আসতেন। এখানে তার বোন সম্পর্কের কেউ একজন রয়েছেন। বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাস ধরার জন্য বের হওয়ার সময় অসুস্থ হলে একটি ছেলে ও একটি মেয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মারা যাওয়ার ঘণ্টাখানেক পর আমরা বিভিন্ন মারফতে জানতে পারি।
ফিরেদেখা'র সংগঠক ও আইডিয়া প্রকাশনের স্বত্বাধিকারী সাকিল মাসুদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারি কবি মাহমুদুল হাসান নিজামীকে দৈনিক দেশ জগত পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি রাশেদ তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন সকালে। তখন চিকিৎসা শুরু করার প্রক্রিয়া চলাকালেই তিনি মারা যান।
মাহমুদুল হাসান নিজামীর লেখা ৫ হাজারের অধিক কবিতা-গান আছে। যেগুলোর বিষয়বস্তু একটি আরেকটি থেকে ভিন্ন। প্রতিটি লেখার স্বাদ সম্পূর্ণ নতুন।
এখন পর্যন্ত মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থ ১৪০টি। কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর পর আরবি, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানা মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে।
জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। তিনি জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি ছিলেন।
নিজ এলাকায় স্কুল কলেজসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আর মা মরহুমা মায়মুনা খাতুন গৃহিণী ছিলেন।
তার মৃত্যুতে সারা দেশের কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সংগঠক ও সাহিত্যনুরাগী মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল ও সংগঠন তার মৃত্যুতে শোয় প্রকাশ করেছেন।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে