সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, পরিদর্শক সেলিম, পরিদর্শক আরিফ ও পরিদর্শক পারভেজ।
অভিযানকালে মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে মো. ফারুককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মীমরাজ হোসেন/এএমকে