স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টা, আইনজীবীর বিরুদ্ধে মামলা

জামালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই তৌকির।
নিহত গৃহবধূ তাহমিনা আক্তার (৩৬) জামালপুর শহরের দড়িপাড়া এলাকার বাসিন্দা হোসাইন মো. তাইফুরের স্ত্রী। তাইফুর আইনজীবী। এই দম্পতির ১২ বছর বয়সী এক ছেলে ও ১০ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, দুপুরে নিহত তাহমিনার ভাই তৌকির জামালপুর সদর থানায় মামলাটি করেন। মামলায় হত্যাসহ বিভিন্ন পারিবারিক অভিযোগও তুলে ধরা হয়। মামলায় শুধু হোসেন তাইফুরকেই আসামি করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঝগড়ার জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে স্ত্রী তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করে পুলিশ।
১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের। তারা ফুপাতো ও মামাতো ভাই বোনও। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। ঘটনার সময় তাদের দুই সন্তান নানাবাড়িতে ছিল বলে জানা গেছে।
আরএআর