শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধের ১০ হাজারের বেশি জিওব্যাগ লুট

শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য মজুদ করে রাখা বালুভর্তি জিওব্যাগ লুটে নিয়েছেন এলাকাবাসী। এতে সরকারি উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের আওতায় গত দুই বছর ধরে নড়িয়া উপজেলার চরমোহন এলাকা থেকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। নদীর ভাঙন ঠেকাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার বাজার সংলগ্ন নদীর পাড়ে ১৮ হাজার বালুভর্তি জিওব্যাগ মজুদ করে রাখা হয়েছিল। পর্যায়ক্রমে এসব জিওব্যাগ নদীতে ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে স্থানীয় একটি মহল রাতের অন্ধকারে এবং দিনের বেলায় প্রকাশ্যেই ওই জিওব্যাগের মধ্যে থাকা বালু সরিয়ে ব্যাগগুলো লুট করে নিয়ে যান। পরে দেখা যায়, মজুদ করা জিওব্যাগের মধ্যে ১০ হাজারেরও বেশি জিওব্যাগ লুট হয়ে গেছে। এতে নদীর তীর রক্ষা বাঁধের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রস্তুত করে রাখা জিওব্যাগ লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এখনো আমরা কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেইনি। তবুও একজনের মালামাল অন্য কেউ এভাবে নিয়ে যাওয়া আইনত অপরাধ। এতে সরকারি কাজে ব্যাঘাত ঘটেছে।
তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ হাজার জিওব্যাগ প্রস্তুত করে রেখেছিল। লুটের ঘটনার পর গুনে দেখা যায়, সেখান থেকে ১০ হাজারের বেশি জিওব্যাগ নেই।
নয়ন দাস/আরকে