তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, গ্রেপ্তার ৫

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব খড়িবাড়ি দিঘীর পাড় গ্রামের সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৬), মৃত মফিজ উদ্দিনের ছেলে আলিয়ার রহমান (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে তাইজুল ইসলাম (৪৫), মশিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) এবং নুর ইসলামের ছেলে আব্দুল মান্নান (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। গতকাল (সোমবার) রাতে টেপাখরিবাড়ি ইউনিয়নের দিঘীর পার এলাকা থেকে অবৈধ বোমা মেশিন লাগিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিলো। এ সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার আরও বলেন, গতকাল রাতে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়, পরে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে