খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়ি সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট টিনসেট ভবন অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপম চাকমা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, টিনসেট ভবনটি ইতোমধ্যে আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ভবনের মাঝামাঝি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
প্রধান শিক্ষক বিম্বিস্যার চাকমা জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় তাদের আসার আগেই ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তবে সেখানে পৌঁছানোর আগেই টিনসেট ভবনটি পুড়ে যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগুন লাগার কিছুটা সময় পর তাদের খবর দেওয়া হয়েছিল বলেই ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।
মোহাম্মদ শাহজাহান/এসএইচএ