ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী ফয়সাল জানান, শনিবার সন্ধ্যার দিকে অজ্ঞতানামা ওই ব্যক্তি হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পুলিশ সদস্য আমাদেরকে বলেন, আপনারা ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও ওই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান জানান, আমরা খবর পেয়ে ঘটনস্থল থেকে মুমূর্ষ অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/এসএইচএ