বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখে বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করেছে। দেশবাসীর আস্থার প্রতিদান বিএনপি কথায় নয়, কাজের মাধ্যমে দেবে। নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ইশতেহারের সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বক্তৃতা নয়, বিএনপি কাজে প্রমাণ করবে তারা জনগণের দল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নাটোর এন.এস সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আঙ্গুলে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। প্রথমেই সরকার ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। এবার সরকারের টার্গেট কৃষি অঙ্গীকার বাস্তবায়ন। সরকার ১০ হাজার টাকা ঋণগ্রহীতা কৃষকদের কৃষি ঋণ মওকুফে ইতোমধ্যে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
হুইপ দুলু বলেন, সরকার পর্যায়ক্রমে সকল কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবে। এই কার্ডের আওতায় একজন কৃষক প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক এবং সুদবিহীন ঋণ সুবিধা পাবেন। এভাবেই সকল ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি সরকার।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগামী দিনে নাটোরে কেউ বেকার থাকবে না। সকল ঘরে ঘরে চাকরি দেয়া হবে। নাটোরে বহুল প্রতীক্ষিত গ্যাস পৌঁছাবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সাথে কথা হয়েছে। খুব দ্রুতই কার্যক্রম শুরু হবে। জেলায় শিল্পায়নের জন্য বিভিন্ন শিল্পগ্রুপ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পায়ন হলে কেউ বেকার থাকবে না।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাদেকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আশিকুর রহমান/এসএইচএ