ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

স্মৃতিচারণ আর আড্ডায় মেতেছিলেন ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা। উপলক্ষ্য ছিল বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। দীর্ঘ সময় পর পুরোনো সহপাঠী ও বড়-ছোট ভাইদের কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশে পরিণত হয় পুরো আয়োজন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক দশকের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমানে বিভিন্ন পেশায় কর্মরত সাবেক শিক্ষার্থীরা শৈশবের প্রিয় প্রাঙ্গণে ফিরে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন। সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের এই মেলবন্ধন অনুষ্ঠানটিকে কেবল ইফতার মাহফিল নয়, বরং একটি ছোটখাটো পুনর্মিলনীতে রূপ দেয়।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস ও আব্দুস সালাম সরকার।
এছাড়া বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন। প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে অনেক সাবেক শিক্ষার্থীকেই আবেগপ্রবণ হতে দেখা যায়।
বিজ্ঞাপন
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন।
ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বিদ্যালয়ের সাবেক ও বর্তমানদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে ঐতিহ্যবাহী এই স্কুলের বড়-ছোট সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
এছাড়া ঈদের পরদিন ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে ২৭টি ব্যাচের অংশগ্রহণে দিনব্যাপী ফুটবলটুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এমটিআই