কারাবন্দিদের ঈদ উপহার দিলেন মাগুরার এমপি মনোয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা কারাগারে থাকা বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ উদ্যোগ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বন্দিদের জন্য শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করা হয়। কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দারের তত্ত্বাবধানে এবং কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিরাজসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ থেকে কারাবন্দিরা যেন বঞ্চিত না হোন, সেই চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস। তারা সমাজেরই অংশ, তাই তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “কারাগারে থাকা মানুষদের অনেকেই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এখানে রয়েছেন। তাদের মানসিকভাবে স্বস্তি দেওয়া এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কারা কর্তৃপক্ষ জানান, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মানসিকভাবে প্রফুল্ল রাখে। এতে তারা নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করেন না, বরং নতুনভাবে জীবনে ফিরে যাওয়ার অনুপ্রেরণা পান।
তাছিন জামান/এমটিআই