রাজবাড়ীর সরকারি শিশু পরিবারের শিশুদের অন্যরকম ঈদ

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার-পরিজনের সঙ্গে হাসি-খুশির সময়। কিন্তু সেই আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। কিছু শিশু আছে যাদের কাছে ঈদ মানে শূন্যতা। তবু সেই শূন্যতার মাঝেই ছোট ছোট আনন্দ খুঁজে নেয় তারা। রাজবাড়ীর সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য এবারের ঈদ ছিল তেমনই এক ভিন্ন অভিজ্ঞতার।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে শহরের বিনোদপুর সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। শিশুদের হাতে তুলে দেন নতুন উপহার। ছিল উন্নত খাবারের আয়োজন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসক সরকারি শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও মিষ্টি বিতরণ করেন। এ সময় তিনি কোমলমতি শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে ঈদ সালামি তুলে দেন। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জেলা প্রশাসক এই ভালোবাসাপূর্ণ সৌহার্দ ও ঈদের আনন্দ ভাগাভাগি ঈদের প্রকৃত সৌন্দর্যকে অর্থবহ করে তোলে।
শিশু পরিবারের কয়েকজন শিশু জানায়, নতুন পোশাক পরে তারা আনন্দ করেছে, ভালো খাবার খেয়েছে। তবু ঈদের দিনে বাবা-মায়ের কথা মনে পড়ে গেছে বারবার।
বিজ্ঞাপন
রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান জানান, বিশেষ দিনগুলোতে শিশুদের জন্য বাড়তি খাবারের ব্যবস্থা করা হয়। তবে এভাবে কাছে এসে সময় দেওয়াটা তাদের জন্য আলাদা এক আনন্দ তৈরি করেছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘আজ পবিত্র ঈদুল ফিতর। সবার জন্য আনন্দ-খুশির দিন। আজ এই খুশির দিনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছি। কারণ তারা আমাদের সমাজেরই অংশ, আমাদেরই একজন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ