কাজে আসছিল না ১৫ কোটি টাকার সেতুটি, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের ভোগান্তির খবর দেখে সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন সংযোগ সড়ক বিহীন অবস্থায় দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা ১৫ কোটি টাকার সেতুর ভাগ্য বদলাতে যাচ্ছে মাত্র ১৫ দিনে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) দুপুরে নির্মাণাধীন ব্রিজের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) তদারকি শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
সেতুটি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, আট কোটি টাকার রাস্তা ও সাত কোটি টাকার ব্রিজের মূল কাঠামো অনেক আগেই নির্মিত হয়েছিল। কিন্তু সামান্য সংযোগ সড়কের অভাবে জনগণের কোনো কাজে আসছিল না এই বিপুল অংকের রাষ্ট্রীয় সম্পদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জনগণের টাকায় নির্মিত এই সম্পদ যেন অবহেলায় পড়ে না থাকে, সেজন্যই আজ এই সফর। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করতে হবে।
এদিকে কাজটি দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে সাত সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার বিভাগর অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ) আহ্বায়ক ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এই কমিটি সরাসরি তদারকি করে আগামী ১৫ দিনের মধ্যে সেতুর সংযোগ সড়কের কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য খুলে দেবে।
বিজ্ঞাপন
এছাড়া সড়ক বিহীন সেতুটি পরিদর্শনে প্রতিমন্ত্রী আসায় এবং দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কটির কাজ শেষ করতে কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দীর্ঘদিন যাবত এই সেতুটি পড়ে ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারেক রহমান বিষয়টি জানতে পারেন এবং সেতুটি পরিদর্শনে প্রতিমন্ত্রী আসেন। এজন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যে সেতুটির কাজ সম্পন্ন হোক এবং জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত হোক।

শাহজাহানপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা মোহবুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত সংযোগ সড়ক বিহীন সেতুটি পড়ে আছে। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সংযোগ সড়কটির কাজ শেষ করা হোক। তাতে জনগণের ভোগান্তি লাঘব হবে। এছাড়াও আজকে প্রতিমন্ত্রী এসেছিলেন এবং স্থানটি পরিদর্শন করেছেন ও কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এতে আমরা এলাকাবাসী অনেক খুশি।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, সংযোগ সড়কটির কাজ শুরু করার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানটি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সংযোগ সড়কটির কাজ দ্রুত শুরু করা হবে, কালকে পারলে পরশু করা হবে না।
আশিক আলী/আরএআর