বিজ্ঞাপন

দৌলতদিয়ায় উদ্ধার অভিযান নিয়ে সর্বশেষ যা জানালো ফায়ার সার্ভিস

অ+
অ-

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, এখন পর্যন্ত আমরা ২৬ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে যার যার পরিবারের কাছে হস্তান্তর করেছি। উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও আমরা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্যরা ঘাট এলাকায় অবস্থান করছি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি, তবে সেটা নিশ্চিত না। বালিয়াকান্দি থেকে মুক্তা নামের একজন মহিলা আমাকে ফোন করে জানিয়েছে রিপন নামের তার এক ভাই ঢাকা যাওয়ার উদ্দেশে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আসে এবং এই সৌহার্দ্য পরিবহন বাসে সে রাজবাড়ী থেকে ঢাকায় যাবে বলে তার বোনকে জানিয়েছে। এই বাসে তার যাওয়ার সম্ভবনা ছিল। বাড়ি থেকে বাসস্ট্যান্ডে আসার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে ঢাকায় একটি ইটের ভাটাতে কাজ করে, সেখানে সে গিয়েছে কিনা তারা খোঁজ নিয়ে দেখছে। তাকে খোঁজ করে পেলে সে আমাদের জানাবে, না পেলেও আমাদের জানাবে। এই একটা মিসিংয়ের সংবাদ আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ও মরদেহ ভেসে গিয়েছে কিনা তা দেখতে স্পিড বোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করছি। আমরা শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে যাব। এ ছাড়া, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা মাইকিং করছি, যদি এমন কেউ মিসিং থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট কাউকে জানানোর জন্য বলা হচ্ছে।

বিজ্ঞাপন

নিখোঁজ রিপনের বোন মুক্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

বিজ্ঞাপন