ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ ও দুর্ঘটনাজনিত কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি দেখা দেয়, যা স্বাভাবিক করতে যমুনা সেতুর চার লেনেই ঢাকাগামী যানবাহন পারাপার করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) ভোররাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা-রাজশাহী রুটের সয়দাবাদ ও কড্ডারমোড় এলাকায় যানজটের শুরু হয় এবং পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, যমুনা সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এলাকায় একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ায় চলাচল ব্যাহত হয়, যার প্রভাব পড়ে পশ্চিম পাশেও। একইসঙ্গে যানবাহনের চাপ বাড়তে থাকায় সয়দাবাদ ও কড্ডারমোড় এলাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এখন ঢাকাগামী সিরাজগঞ্জ মহাসড়ক রানিং করা হয়েছে। আমরা যানবাহনগুলো ছেড়ে দিয়েছি। যানবাহন চলছে।
বিজ্ঞাপন
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঢাকাগামী লেনে ব্যাপক যানবাহনের চাপ রয়েছে। এখন উপায় না পেয়ে যমুনা সেতুর পুরো চারলেন ঢাকাগামী লেনের জন্য খুলে দেওয়া হয়েছে।
মো. নাজমুল হাসান/এএমকে
