বিজ্ঞাপন

নিজেদের ছোড়া গুলিতে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত

অ+
অ-
নিজেদের ছোড়া গুলিতে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত

খুলনায় গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে দিঘলিয়া থানাধীন দেয়াড়া ঘাটে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

একই ঘটনায় তাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘবদ্ধ ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

নিহত ছিনতাইকারী দেয়াড়া কলোনী পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দেয়াড়া গ্রামের জাবেদ আলী শেখের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি স্টিমার ঘাট-সংলগ্ন পপুলার পাট কোম্পানি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা জাবেদ আলীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি ছোড়ে। তবে ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দলেরই এক সদস্য বিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত এবং ব্যবসায়ী তাহিদুল ইসলাম আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত তাহিদুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

বিজ্ঞাপন

খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, দিঘলিয়া থানার দেয়ারা এলাকায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ী আহত হয়েছে। বিষয়টি নিয়ে থানা-পুলিশ কাজ করছে। ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোহাম্মদ মিলন/এএমকে

বিজ্ঞাপন