কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নাফ নদী ও স্থলপথে পরিচালিত এসব অভিযানে ইয়াবা পাচারের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে ইয়াবার বড় চালান চট্টগ্রামে পাচার করা হবে– এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালান কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা।
এসময় ভ্যানের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার চালান দেশে প্রবেশের খবরে নজরদারি জোরদার করে কোস্টগার্ড। বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশে প্রবেশের সময় অভিযান চালিয়ে সেটিকে আটক করা হয়। নৌকাটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত নৌকা ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরএমএন/বিআরইউ
