আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড পঞ্চগড়। গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাপাতি বালা ওই এলাকার মৃত নোখিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হলেও সময়ের সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এ সময় প্রচণ্ড বাতাস ও মেঘের গর্জনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের সময় চাকাতি বালা বাড়ির একটি ঘরে একাই অবস্থান করছিলেন।

প্রচণ্ড বাতাসে বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’ গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং চাকাতি বালা গাছের নিচে চাপা পড়েন। ঘর থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত বৃদ্ধার ছেলে হরেণ চন্দ্র বলেন, মা ওই ঘরে একাই ছিলেন। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গাছ পড়ার পর আমরাও ঘর থেকে বের হতে পারিনি। পরে ঝড় থামলে গিয়ে দেখি মা মারা গেছেন।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ আসা এই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করেন।
বিজ্ঞাপন
নুর হাসান/এএমকে
