বিজ্ঞাপন

ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্ব, সালিশে প্রাণ গেল এক ভাইয়ের

অ+
অ-
ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্ব, সালিশে প্রাণ গেল এক ভাইয়ের

মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়িতে ঘর ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বের জেরে সালিশ হামলায় বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার(২৭ মার্চ) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবিল নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। তিনি স’মিলের ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন।

জানা গেছে, নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ে। সন্তানদের মধ্যে বড় ছেলে ও একমাত্র মেয়ে রঞ্জু বেগম মারা গেছে। বাড়িতে টিনশেডের আধাপাকা একটি ঘরের চারটি কক্ষের দুটিতে রাবিল ও তার পরিবার থাকেন। অপর দুটি কক্ষে বোন রঞ্জুর সন্তানেরা থাকেন। সম্প্রতি রঞ্জুর সন্তানেরা অন্যত্র বাড়ি করলে ওই দুটি কক্ষ খালি হয়। এরপর থেকে ওই দুটি কক্ষের ভাগবাটোয়ারা নিয়ে রাবিলের ও তার ভাইদের দ্বন্দ্ব চলে আসছে। 

এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসে। সালিশে রাবিলসহ তিন ভাই রাশিদুর রহমান (পিয়ারা), জিয়াউর রহমান (চারু), সাইদুর রহমান (হাবিল) ও পরিবারের লোকজন ছিলেন। রাত আটটার দিকে সালিশের একপর্যায়ে ঘরের দুটি কক্ষ ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় ভাই ও ভাতিজাদের কিলঘুষি ও লাথিতে রাবিল অচেতন হয়ে মাটিতে লুটি পড়েন। এরপর তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাবিলের ছেলে সাকিবুর আহত হন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সোহেল হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন