কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারীপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে বাড়ির মালিক কৃষক জানবার আলী প্রামানিক ও প্রতিবেশী উকিল প্রামানিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির গরুর ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। রাতের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বসতঘরের আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক জানবার আলীর ৪টি গরু, ১টি বাছুর, ৪টি ছাগল, ১টি মোটরসাইকেল, ২টি পানিতোলা মোটর, ৮ মণ তামাক এবং নগদ প্রায় ২ লাখ টাকাসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও বসতঘরের ক্ষতি হয়। সবমিলিয়ে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কৃষক জানবার প্রামানিক বলেন, আমার সব শেষ হয়ে গেছে। গরু-ছাগল, নগদ টাকা, ঘরের জিনিস কিছুই বাঁচাতে পারিনি। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব বুঝতে পারছি না।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ গুহ জানান, অগ্নিকাণ্ডে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি জেনেছেন এবং সরকারিভাবে সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
রবিউল আলম ইভান/এসএইচএ
