বিজ্ঞাপন

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, এক সপ্তাহে আহত ২৯ সেনা

অ+
অ-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, এক সপ্তাহে আহত ২৯ সেনা

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসে ইরানের হামলায় এক সপ্তাহে আহত হয়েছেন অন্তত ২৯ জন মার্কিন সেনা। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন মার্কিন সেনা। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে জানিয়েছিল যে ইরানি হামলায় ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে গত ২৩ মার্চ সোমবারও প্রিন্স সুলতান এয়ার বেইসে হামলা চালিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সেই হামলায় ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ২ হাজার ৩২১ জন মার্কিন সৈন্য রয়েছে। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থাড প্রতিরক্ষাব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে।

গত ১ মার্চ প্রথমবারের মতো প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতে আহত হয়েছিলেন কয়েকজন মার্কিন সেনা। তাদের মধ্যে সার্জেন্ট বেঞ্জামিন এন. পেনিংটন (২৬) নামের এক সেনা কয়েক দিন আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এসএমডব্লিউ