বিজ্ঞাপন

বিয়েবাড়ির আমেজে নাতনির ওজনে কয়েন উপহার দিলেন নানা

অ+
অ-
বিয়েবাড়ির আমেজে নাতনির ওজনে কয়েন উপহার দিলেন নানা

বগুড়ার ঠনঠনিয়া এলাকায় নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল কাদের প্রামাণিক। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে দাঁড়িপাল্লার এক পাশে বসানো হয় নাতনি নাইমা খাতুনকে এবং অন্য পাশে রাখা হয় দীর্ঘদিন ধরে জমানো শত শত কয়েন, যার অধিকাংশই ৫ টাকার। পরে ওজন সমান হলে সেসব কয়েন নাতনির হাতে তুলে দেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় মেয়ের ঘরে প্রথম নাতনির জন্মের পর থেকেই তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করেন আব্দুল কাদের ও তার স্ত্রী। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তখন তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তীতে ধীরে ধীরে মাটির ব্যাংকে কয়েন জমিয়ে নাতনির বিয়ের প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা পূরণ করেন তিনি।

আব্দুল কাদের প্রামাণিক জানান, একটি পত্রিকায় প্রকাশিত অনুরূপ একটি ঘটনা দেখে তিনি অনুপ্রাণিত হন এবং তখন থেকেই পরিকল্পনা শুরু করেন। তবে তার স্ত্রী এ ইচ্ছার বাস্তবায়ন দেখে যেতে পারেননি।

বিজ্ঞাপন

নাতনি নাইমা খাতুন বলেন, নানি বেঁচে থাকলে আনন্দটা আরও বেশি হতো। নানা-নানির ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে আব্দুল কাদেরের বাড়িতে বিয়েবাড়ির মতো আয়োজন করা হয়। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, এমন ঘটনা আগে শুধু শুনেছি, বাস্তবে কখনও দেখিনি। আজ নিজ চোখে দেখে নানা-নাতনির এই ভালোবাসা সত্যিই আমাকে আনন্দিত করেছে।

তবে স্থানীয়দের মতে, এটি শুধু একটি উপহার নয়, বরং পারিবারিক ভালোবাসা ও আবেগের এক অনন্য প্রকাশ।

বিজ্ঞাপন

আব্দুল মোমিন/এসএইচএ 

বিজ্ঞাপন