বিজ্ঞাপন

বৈধ কাগজ করতে বাড়ছে আবেদন

সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রিতে ধস

অ+
অ-
সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রিতে ধস

দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি না দেওয়ার নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে সিরাজগঞ্জেও। জ্বালানি সংকট ও প্রশাসনের কড়াকড়ির কারণে মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির আগ্রহ বাড়লেও একই সঙ্গে বিক্রয় বাজারে নেমে এসেছে স্থবিরতা। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট চলছে বিশ্বজুড়ে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন প্রভাব রয়েছে সিরাজগঞ্জেও। প্রতিটি পাম্পে পাম্পে জ্বালানি তেল পাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে ভিড় করছেন চালকরা। অনেক জেলায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া দেওয়া হচ্ছে না জ্বালানি তেল। ফলে বৈধ কাগজপত্র করতে বিআরটিএ অফিসগুলোতে বেড়েছে ভিড়। 

জেলা শহরের এসবি ফজলুল হক রোডের আলতাফ কমপ্লেক্স এর তাসনীম তাসফিয়া মটরস এর সত্ত্বাধিকারী মো. বেলাল ঢাকা পোস্টকে বলেন, এমনিতেই বেচাঁকেনা কম। তার উপরে জ্বালানি তেলের সংকট চলছে। কোনো মাসে বিক্রি না হলে, পরের মাসে একটু বিক্রি দিয়ে ব্যবসা চালানো যাচ্ছে।

একই স্থানের মটো এক্সপ্লোর এর সত্ত্বাধিকারী মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, জুলাই-আগস্টে সরকার পতন থেকেই বেচাঁকেনা নেই। এখন তো জ্বালানি তেলের সংকট, বেচাকেনা আরও নেই।

বিজ্ঞাপন

চাচা ভাতিজা মটরস এর কবির আহমেদ হতাশার সুরে ঢাকা পোস্টকে বলেন, গাড়ি ক্রয় করতেও পারছি না, বিক্রিও করতে পারছি না। শোরুমগুলোর অবস্থা ভয়াবহ। সারা রোজার মাসে ৩টা গাড়ি বিক্রি করছি। যা আমার বয়সে দেখিনি। জানুয়ারিতে ২৫টি, ফেব্রুয়ারিতে রোজার আগে ৭/৮ টি ছিল। এরপর একটা গাড়িও বিক্রি করতে পারি না। যেখানে ঈদের আগে ও পরে মোটরসাইকেল বিক্রির ধুম পড়ে যায়।

নিউ ঢাকা রোডের ঐশী মটরস অ্যান্ড ইলেকট্রনিকস এর সত্ত্বাধিকারী মো. সাইফুল ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে বেচাঁ বিক্রি নেই বললেই চলে। গাড়ির আমদানিও নেই৷

সিরাজগঞ্জ জেলা বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে ৬৭৩, ফেব্রুয়ারি মাসে ৪৫৭ ও মার্চ মাসে ৬৬৪ টি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন পড়েছে। অন্যদিকে গাড়ির রেজিস্ট্রেশন এর জন্য জানুয়ারিতে ২৭৩, ফেব্রুয়ারিতে ২২০ ও মার্চ মাসে ১৪১ টি আবেদন জমা পড়েছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের বিআরটিএ’র মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের একটি সমস্যা চলছে। বর্তমানে বৈধ কাগজপত্র করার চাহিদা আছে। তবে ঈদের ছুটি ছিল, সেভাবে আবেদন জমা পড়েনি। তবে এই চাহিদা বাড়তে পারে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, যাদের লাইসেন্স নেই, নিয়ম না মেনে মোটরসাইকেল চালায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাদের তেল না দিতেও নিষেধ করে দিচ্ছি। ফুয়েল কার্ড এর বিষয়ে আমাদের আজকে একটি বড় মিটিং রয়েছে। সেখানে সংশ্লিষ্টদের নিয়ে আমরা বৈঠক করব। যদি দেখি এটি জনগণের জন্য ভালো হবে, তাহলে আমরা চলতি সপ্তাহে এটি চালু করব।

নাজমুল হাসান/এসএইচএ