গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ জেলা সিরাজগঞ্জেও জ্বালানি তেল সংগ্রহে নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মে ‘ফুয়েল কার্ড’ ছাড়া পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে হলে জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই ফুয়েল কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
সোমবার (৩০ মার্চ) এবং মঙ্গলবার (৩১ মার্চ) এই দুইদিন সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার যানবাহনের মালিকদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে অফিস সময়ের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়াও জেলার অন্যান্য উপজেলার যানবাহনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসন আরও জানায়, আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনোভাবেই পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না। ফুয়েল কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্তাবলীও উল্লেখ থাকবে।
ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের ছবি, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং পেশা বা জ্বালানির প্রয়োজনীয়তার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া সব কাগজপত্রের মূল কপিও সঙ্গে আনতে হবে।
বিজ্ঞাপন
বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশসহ সিরাজগঞ্জেও পড়েছে। জ্বালানি সংগ্রহে বিভিন্ন পাম্পে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি না দেওয়ার কারণে সংশ্লিষ্ট অফিসগুলোতে চাপও বেড়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, আজ বিকেলে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড বিনামূল্যে পাওয়া যাবে।
নাজমুল হাসান/এসএইচএ
