বিজ্ঞাপন

যুবদলের নাম ভাঙিয়ে তেল নিয়ে বেশি দামে বিক্রি, দলের দুই নেতা বহিষ্কার

অ+
অ-
যুবদলের নাম ভাঙিয়ে তেল নিয়ে বেশি দামে বিক্রি, দলের দুই নেতা বহিষ্কার

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির ঘটনায় যুবদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সদর উপজেলা যুবদল।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বহিষ্কৃত ওই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার রাতে যুবদল নেতা শামীম কবির ও জাকির হোসেন যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চুড়ামনকাটি শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের বহিষ্কার করা হয়।

রেজওয়ান বাপ্পী/এমএন