মাদারীপুরের শিবচরে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ৫ হাজার ৬শ লিটার ডিজেল ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রয় করেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে জেলার শিবচর উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ও রোকনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদি থেকে ১০ ব্যারেলসহ মোট ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৮ ব্যারেলের মোট ৫ হাজার ৬ শ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, শিবচরে প্রায় ১৫ দিন যাবত কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিলেন না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করি। পরে সেসব তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করেছি। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এসএইচএ
