ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা দুটি মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও নিমসার এলাকায় সংগঠিত হয়।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) ভোর ৪টা এবং ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এবং ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, দাউদকান্দির সরকারপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. বারেক (৫৫) এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে মো. মোস্তফা (৫২)।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, ভোরে এ দুর্ঘটনা ঘটে। কোন গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিয়েছিল সেটি এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ইউটার্নে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদরের কেশবপুর এলাকার খোদাবক্সের ছেলে সোহেল রানা ৩৫)।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরকে
