বিজ্ঞাপন

রাস্তার পাশে ফেলে রাখা ট্রাংকে মিলল নারীর মরদেহ

অ+
অ-
রাস্তার পাশে ফেলে রাখা ট্রাংকে মিলল নারীর মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি একটি তালাবদ্ধ ট্রাংক এনে ওই স্থানে রেখে চলে যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ ও কৌতূহলের সৃষ্টি করে। একপর্যায়ে ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের মানুষ জড়ো হতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে ভেতরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ ট্রাংকে ভরে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন লোক ট্রাংকটি এখানে নামিয়ে রেখে যায়। জিজ্ঞেস করলে বলে, পরে এসে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাইমুর রহমান তালুকদার/আরএআর