ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে উপজেলা পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এসআর সমিতির সদস্যরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে তারা প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ বন্ধ রয়েছে। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
এ অবস্থায় কাজের প্রয়োজনে চলাচল ব্যাহত হওয়ায় সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা। ফলে ক্ষোভে ফেটে পড়ে তারা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, পরিবেশক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।
এসএইচএ
