নিজেদের আওতাধীন সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উদ্ধারকৃত ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ বিজিবির সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
বিজ্ঞাপন
এ সময় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে ৩ হাজার ৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ হাজার ৯৭ বোতল ফেনসিডিল, ৩০৬ ক্যান ও ৭৬৫ বোতল বিয়ার, ২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২২ হাজার ৭০৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক এবং ১ লিটার বাংলা মদ রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা।
অনুষ্ঠানে কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বলেন, মাদকদ্রব্য শুধু যুব সমাজকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজে অশান্তিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সীমান্ত এলাকায় মাদকপাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
এ সময় ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া, ফেনী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার, ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নূর মোহাম্মদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
তারেক চৌধুরী/আরএআর
