কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার এখনও দেশের ভেতরে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে তৎপর রয়েছে সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভাঙন রোধে সরকার আরও শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে। নদীভাঙনে মানুষের সম্পদ যাতে নষ্ট না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সফর শেষে প্রতিমন্ত্রী সড়কপথে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।
জহির হোসেন/এসএইচএ
