উৎপাদন ও পরিবহন খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ভোলা বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খান ফ্লওয়ার মিল ও জেকে ট্রেডার্স নামে দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক মো.জামাল উদ্দিন খান। এতে তার কারখানার প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিজ প্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জামাল উদ্দিন খান।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় মজুদ থাকা ডিজেল শেষ হয়েছে, বর্তমানে কোনো ডিজেল মজুদ নেই। তার পরিপ্রেক্ষিতে আমার নিকটবর্তী নদী ঘাট হতে আমার গুদামে গাড়িতে গম উত্তোলনের জন্য কোনো ডিজেল নেই এবং দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভূষি, মুড়ি ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং ভোলার আনাচে-কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহনের দ্বারা পৌঁছানো হয়।
জামাল খান আরও বলেন, আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। ডিজেলের জন্য পণ্য উৎপাদন করতে না পারলে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কর্মহীন হয়ে যাবে।
বিজ্ঞাপন
এছাড়া তিনি দাবি করেন, আমি ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও ডিজেল পাচ্ছি না, তারা আমাকে দিচ্ছে না। এছাড়া তার শিল্প প্রতিষ্ঠান দুটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।
এসময় পণ্য উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
খাইরুল ইসলাম/এমএএস
