বিজ্ঞাপন

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১

অ+
অ-
কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় নকল বিদেশি মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মদ, সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহন সেন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলিতে হাকিম মিয়ার মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। সেখানকার একটি ভাড়া বাসা থেকে মোহন সেনকে আটক করা হয়।

আটক মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি কার্তিক সেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বিদেশি মদের বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন ও একটি হিট গান উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি জেরিক্যানে ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ (ডায়ালাইট-বি সল্যুশন, অরেঞ্জ, লেমন, চকোলেট ও কফি ফ্লেভার) জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার করা অন্য আলামতের মধ্যে রয়েছে- ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, আটক মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

ইফতিয়াজ নুর নিশান/আরএআর

বিজ্ঞাপন