কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার-সংলগ্ন মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজহাটি পল্লী বিদ্যুতের সাবস্টেশন-সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় গুদামে থাকা তুলা পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে
