বিজ্ঞাপন

২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই পঞ্চগড়ে, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

অ+
অ-
২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই পঞ্চগড়ে, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে বিকেলের দিকে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। খাবার পানি ফুরিয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে দোকানপাট ও বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কার্যত স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, গতকাল রোববার দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়। এরপর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, অনেক এলাকায় রোববার সকাল ১১টা থেকেই বিদ্যুৎ ছিল না।

বিজ্ঞাপন

নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোকজন আমাকে ঘিরে রেখেছে। বিদ্যুৎ নাই, সমস্যা হয়েছে। আমাদের লোক কাজ করছে।

অন্যদিকে পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল আলম বলেন, আমাদের লাইনের কোনো সমস্যা নেই। সড়ক অবরোধের পর নেসকো থেকে আমাদের কাছে লোক চাওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে লোক দিয়েছি। সমস্যা মূলত নেসকোর, আমাদের নয়।

এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

নুর হাসান/আরকে

বিজ্ঞাপন