সিলেটে হামে আক্রান্ত হয়ে ফারহান নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলমান প্রাদুর্ভাবের মধ্যে এটিই বিভাগে হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারহান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ফয়সাল আহমেদের ছেলে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রজনিত জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
মাসুদ আহমদ রনি/এমএএস
