কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক ট্রলারে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১০১ মণ ইলিশ। প্রায় ৩৩ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটে মাছগুলো আনা হলে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ট্রলারটি ছিল স্থানীয় বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’।
জেলে নুরুল ইসলাম মাঝি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। শুরুতে মাছ না পেলেও রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে।
পরে এসব মাছ ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়। দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ফিরে এসেছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
টেকনাফ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, সরকার নির্ধারিত সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশের প্রজনন ও আকার দুটোই বেড়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে
