মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেন ওসি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে অভিযান পরিচালনা করেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান অভিযানটি পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন তিনি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিজ্ঞাপন
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে রাত সাড়ে ৮টার দিকে বলেন, খাসনগর বাজারে এক ব্যবসায়ী ২৫০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করছিল। আমি ক্রেতা সেজে অকটেন কিনতে গেলে সে আমার কাছেও প্রতি লিটার অকটেন ২৫০ টাকা চায়। পরে এসিল্যান্ডকে অবহিত করলে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ব.ম শামীম/আরকে
