দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম দূর করতে বড় ধরনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সঠিক নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে না। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করে সমস্যা চিহ্নিত করা হবে এবং বাস্তবসম্মত সমাধান কার্যকর করা হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিদ্যমান আইন থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে গড়ে ওঠা কিছু স্কুল-কলেজ ইতোমধ্যে সাময়িকভাবে বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা যাচাই করতে সমীক্ষা চালানো হবে এবং তার ভিত্তিতে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনব্যাপী সফরে মন্ত্রী সকালে সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং পরে শিল্পকলা একাডেমিতে পাবলিক পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসব বৈঠকে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান আক্তার শিরিন ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরএআর
