খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিউটন চাকমা (৪৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসিত) এক সদস্য নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা রাঙ্গামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিউটন চাকমা ইউপিডিএফের আকবাড়ি এলাকার কালেক্টর হিসেবে দ্বায়িত্বে ছিলেন। বুধবার সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ সেখানে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলি বর্ষণের সময় নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করে।
খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বা প্রতিপক্ষের মধ্যে সংঘাতের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
মোহাম্মদ শাহজাহান/আরকে
