সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভোজ্যতেলের ডিলারের গোপন গোডাউনের সন্ধান পাওয়া গেছে। যেখানে দুইটি গোডাউনের কথা জানালেও ধারাবাহিক তল্লাশিতে মোট ১১টি গোডাউন শনাক্ত করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার আইনে ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালীবাড়ি এলাকায় মেসার্স সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সের বিভিন্ন গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে ডিলার পক্ষ থেকে মাত্র দুটি গোডাউনের তথ্য দেওয়া হয়। তবে তল্লাশি চালিয়ে প্রথমে তিনটি গোডাউনে ভোজ্যতেল পাওয়া যায়। পরে ধারাবাহিক অনুসন্ধানে একে একে মোট ১১টি গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে বাকি ৮টি গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য মজুত করে রাখা হয়েছিল।
অভিযান সূত্রে আরও জানা যায়, ডিলার সমরেন্দ্র নাথ দাস এসব গোডাউনের তথ্য গোপন রেখেছিলেন। ভোজ্যতেলসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুতের বিষয়টি যথাযথভাবে প্রকাশ না করায় তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ধারায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ ঢাকা পোস্টকে বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি বা পণ্য মজুত করে ভোক্তাদের ভোগান্তিতে ফেললে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। যারা সংকট তৈরির চেষ্টা করবে, খবর পেলে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
নাজমুল হাসান/আরএআর
