গাজীপুর সদরের পিরুজালী গ্রামে মধ্যরাতে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যার ঘটনায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত শাশুড়ি আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার (২৬), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে ডাকাতির নাটক সাজিয়ে আসমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ নিহতের পুত্রবধূ আরিফা আক্তারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আরিফা আক্তার নিজেই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করেন। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার কর জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরএআর
