চৈত্রের সকালে হঠাৎ ঘন কুয়াশার কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
এর আগে, কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে ভোর পৌনে ৬টার দিকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টার পর থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে ঘাটে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
