দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার ( ১১ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
জানা যায়, দুই দিনের লালমনিরহাট জেলা সফরে আজকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান আসাদুল হাবিব দুলু।
তিনি বিমান থেকে নেমে রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন মন্ত্রী। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আসাদুল হাবিব দুলুর অসুস্থতার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে তাকে দেখতে আসেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেননি। পরে তাকে দুপুর ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ত্রাণমন্ত্রী দুলুকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার অবস্থা ভালো না হওয়ার কারণে তিনি বিমানে যেতে পারেননি। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানো মাত্রই ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
