রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮ টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান গাওয়ার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে। কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষ, শিশু-কিশোরদের উপস্থিতিতে বৈশাখের এ অনুষ্ঠানে পায় ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজ উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধারণের আহ্বান জানান।
পরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। রঙিন মুখোশ, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
এতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দলীয় পরিবেশনায় অংশ নেয়। চৈত্র সংক্রান্তিতে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন আগামীকাল শেষ হবে।
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১টায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
দুপুরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়া রিপোর্টার্স ক্লাব রংপুর নববর্ষ উদযাপনে বৈশাখী পান্তা উৎসবের আয়োজন করে।
এছাড়াও বাংলার বর্ষবরণে রংপুর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে।
দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রংপুরবাসী পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশা-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানায়।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
