গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও সব মালামাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার মৌচাক ইউনিয়নের কাচারস গ্রামে সালাম সরকারের নিয়ন্ত্রণাধীন কারখানায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন।
এর আগে, গত রোববার (২১ জুন) ঢাকা পোস্টে 'গাজীপুরে বনের ভেতর ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনজীবন' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার একদিনের মধ্যেই সোমবার অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, কারখানাগুলো রাতে চালানো হয়। অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা লোকজন পালিয়ে যায়। পরে আমরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল জব্দ করি এবং কারখানাটি বন্ধ করে দেই। কারখানার মালিককে না পাওয়ায় তাকে এখনই আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে কারখানাটি চালু করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আরও একটি কারখানার তথ্য তাদের কাছে রয়েছে এবং অতিদ্রুত সেটিতেও অভিযান পরিচালনা করা হবে।
আশিকুর রহমান/আরএআর
