কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারকে বদলি করা হয়েছে। দাউদকান্দি থেকে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ নাছরীন আক্তারকে (১৮৪৭৩) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের জন্য তার নিজ অধিক্ষেত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এদিকে বদলির আদেশের ১ সপ্তাহে পার হলেও দাউদকান্দি উপজেলা ছাড়েননি নাছরীন আক্তার। এ বিষয়ে জানতে নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের ব্যবহৃৎ সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ডিসি স্যার আমাকে এই আদেশটির বিষয়ে জানিয়েছেন। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মন্ত্রণালয় চাইলে যে কাউকেই বদলি করতে পারে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই ইউএনও নাছরীন আক্তারকে নিয়ে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। ‘ইউএনওর বিরুদ্ধে সরকারি ভবন ভেঙে মালামাল বিক্রির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদে কোনো টেন্ডার আহ্বান ছাড়াই দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের বাসভবন পায়রা ভাঙার অনুসন্ধানী তথ্য উপস্থাপন করা হয়।
আরিফ আজগর/আরএআর
